Home / রাজনীতি / ‎মোল্লাহাটে দুর্বৃত্তদের গুলিতে নিহত হার্ডওয়ার দোকানের মালিক ও শ্রমিক লীগ উপজেলা সেক্রেটারী মোঃ সোহাগ শেখ ‎

‎মোল্লাহাটে দুর্বৃত্তদের গুলিতে নিহত হার্ডওয়ার দোকানের মালিক ও শ্রমিক লীগ উপজেলা সেক্রেটারী মোঃ সোহাগ শেখ ‎

‎মোল্লাহাটে দুর্বৃত্তদের গুলিতে নিহত
হার্ডওয়ার দোকানের মালিক ও শ্রমিক লীগ উপজেলা সেক্রেটারী মোঃ সোহাগ শেখ

‎মাসুদ মীর।বাগেরহাট প্রতিনিধিঃ

‎বাগেরহাটের মোল্লাহাটে দুর্বৃত্তদের গুলিতে সোহাগ শেখ (৪০) নামে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ও টিন/হার্ডওয়ার ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (১৪ মার্চ) রাত আনুমানিক সোয়া ১০টার দিকে উপজেলার মোল্লাহাট পান বাজার সংলগ্ন সড়কে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

‎নিহত সোহাগ শেখ মোল্লাহাট সদরের উদয়পুর গ্রামের দাউদ আলী শেখের ছেলে। তিনি মোল্লাহাট বাজারের একজন ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক সোয়া ১০টার দিকে সোহাগ শেখ তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে মোল্লাহাট পান বাজার এলাকায় পৌঁছালে আগে থেকে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎উল্লেখ্য, এর মাত্র এক সপ্তাহ আগে গত ৭ মার্চ শনিবার রাত আটটার দিকে সোহাগ শেখের ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার নুর ইসলাম (২৭) সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন। কর্মস্থল থেকে নিজ বাড়ি কুলিয়া গ্রামে যাওয়ার পথে ঢাকা-খুলনা মহাসড়কের কাহালপুর পশ্চিমপাড়া এলাকায় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মোল্লাহাট ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এক সপ্তাহের ব্যবধানে একই প্রতিষ্ঠানের কর্মচারী ও মালিকের ওপর সশস্ত্র হামলার ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে নানা প্রশ্ন ও শঙ্কা দেখা দিয়েছে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করে। মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক জানান, কয়েকদিন আগে সোহাগ শেখের দোকানের এক কর্মচারীকে গুলি করা হয়েছিল। তিনি গুরুতর আহত অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। কর্মচারীকে হত্যাচেষ্টা এবং আজ মালিককে হত্যাকাণ্ডের পেছনে ব্যবসা সংক্রান্ত কোনো বিরোধ থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *